ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতায় নিহত ৩

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতায় নিহত হয়েছেন তিনজন। ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে গুলিবিদ্ধ হয়ে এদের মৃত্যু হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন আরও ৫৩ জন।


তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।


রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল। তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।


সিলেটে নিহত ১


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হন। রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুস সালাম (৪০) নামে এক সাইকেল মেকানিকের মৃত্যু হয়। একই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।


পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে বৈটিকর এলাকায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশসহ কয়েকজন এলাকাবাসী আহত হন। এ সময় আব্দুস সালাম নামের একজন আহত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা সঠিকভাবে কেউ বলতে পারেনি।


নিহতের ছেলে জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে । তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে আমার বাবা মৃত্যুবরণ করেছেন।


এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম কবির বলেন, একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তিনি কার গুলিতে মারা গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।


রাঙ্গাবালীতে নিহত ১


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪৫) নামে এক মেম্বার প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চরমন্তাজ ইউনিয়নে নয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি গুলিবিদ্ধ হন। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সে বিষয়ে এখনো দায়িত্বশীল কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


সূত্র জানায়, নিহত ব্যক্তি মেম্বার প্রার্থী জিয়ার সমর্থক। নির্বাচন পরবর্তী ভোট গণনা নিয়ে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এক মেম্বার প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।


এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি জগলুল বলেন, আমি এখনও কিছু বলতে পারছি না। চরমন্তাজে পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।


ঠাকুরগাঁওয়ে নিহত ১


নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রাস্তা অবরোধ এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে হামিদুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।


জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে রাত ৮টার দিকে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে হামিদুলের মৃত্যু হয়।


এ বিষয়ে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে। আহতরা ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ads
ads
ads

Our Facebook Page

↑